ঢাকা অর্থনীতি ডেস্ক:
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “এ তপ্ত গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে। আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে গ্রাহকরা সমস্যার সমাধান পাবেন—এমন নির্দেশনা দেওয়া হয়েছে।”
জনসেবায় আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “বিএনপি জনগণের সরকার। জনগণকে সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
এলপিজি গ্যাসের দাম প্রসঙ্গেও কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, দেশের প্রায় ৯৮ শতাংশ এলপিজি আমদানিনির্ভর এবং এ খাত পুরোপুরি বেসরকারি খাতের উপর নির্ভরশীল।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, বিশেষত গৃহস্থালি পর্যায়ে অনেক কষ্ট হয়েছে বলে স্বীকার করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিকদের স্বস্তি দিতে সরকার দ্রুত এলপিজির দাম সমন্বয় করেছে এবং ভবিষ্যতেও সুযোগ তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানোর চেষ্টা অব্যাহত থাকবে।










কমেন্ট করুন