Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বিশ্বকাপ ফাইনাল উপভোগ করতে পরীক্ষা পেছাল কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুল

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ফুটবলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী সাউথ পয়েন্ট হাই স্কুল। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনাল নির্বিঘ্নে উপভোগের সুযোগ দিতে ২০ ও ২১ জুলাই নির্ধারিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে স্কুল কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

স্কুলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দুই দিনের সামেটিভ ইভালুয়েশন ও প্রি-মিডটার্ম টেস্ট নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ২৯ জুলাই এবং ২১ জুলাইয়ের পরীক্ষা হবে ৩০ জুলাই।

এ সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ। তিনি বলেন, তারা চান শিক্ষার্থীরা ফুটবলের মতো দলগত খেলায় আরও বেশি আগ্রহী হয়ে উঠুক। তার ভাষায়, ফুটবল শুধু জয়-পরাজয়ের খেলা নয়, এটি একসঙ্গে চলা, সহযোগিতা ও দলগত মানসিকতা গড়ে তোলার শিক্ষা দেয়।

বর্তমানের ভার্চুয়াল দুনিয়ায় শিশুরা ক্রমেই একাকী হয়ে পড়ছে উল্লেখ করে অধ্যক্ষ বলেন, ফুটবল তাদের একসঙ্গে কাজ করা ও সামাজিক বন্ধন গড়ে তোলার মূল্যবোধ শেখাতে পারে।

ফাইনালের পরদিন পরীক্ষা থাকলে অনেক শিক্ষার্থী গভীর রাত পর্যন্ত খেলা দেখতে পারত না বলেও জানান তিনি। এ ছাড়া অনেক অভিভাবকও পরীক্ষার কারণে সন্তানদের খেলা দেখার অনুমতি দিতে অনীহা দেখাতেন। তাই শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও আনন্দের কথা বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ।

তিনি আশা প্রকাশ করেন, সব শিক্ষার্থী হয়তো ফুটবল দেখে না, তবে এই উদ্যোগের মাধ্যমে অন্তত কিছু শিক্ষার্থীর মধ্যেও যদি মাঠের খেলাধুলার প্রতি নতুন আগ্রহ জন্মায়, তাহলেই স্কুলের উদ্দেশ্য সফল হবে।

সাউথ পয়েন্ট হাই স্কুলের এই সিদ্ধান্ত ইতোমধ্যে অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এবং শিক্ষার্থীদের মাঠমুখী করতে এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন