Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

জনসংখ্যাগত গভীর সংকটের মুখে চীন, সতর্ক করলেন গবেষক কার্ল মিনজনার

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন ক্রমেই গভীর জনসংখ্যাগত সংকটের দিকে এগোচ্ছে। বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কমছে জন্মহার, আর বিয়েতে তরুণদের অনাগ্রহ দেশটির ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক স্থবিরতা ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ক্রমবর্ধমান একক নেতৃত্ব।

এসব পরিস্থিতির সম্মিলিত প্রভাবে মধ্য একবিংশ শতাব্দীতে চীন আরো দুর্বল, অনমনীয় ও ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন চীনবিষয়ক গবেষক কার্ল মিনজনার। “ফরেন অ্যাফেয়ার্স” সাময়িকীতে প্রকাশিত “চায়নাস লং টোয়াইলাইট” শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, ২০২১ সালে চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটিতে পৌঁছে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এরপর থেকে তা কমতে শুরু করেছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রতিবছর ৩০ থেকে ৪০ লাখ করে কমছে, যা প্রতিবছর একটি লস অ্যাঞ্জেলেস শহরের জনসংখ্যা হারানোর সমান।

মিনজনারের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে চীনের মানুষের মধ্যম বয়স ৫০ বছরে পৌঁছাতে পারে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। শতাব্দীর মাঝামাঝি নাগাদ এ হার বেড়ে ৩০ শতাংশ হতে পারে। শতাব্দীর শেষভাগে তা ৪০ থেকে ৫০ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

জন্মহার কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণের কথা তুলে ধরেছেন তিনি। এর মধ্যে সন্তান লালন-পালনের ব্যয় বৃদ্ধি, নারীদের কর্মজীবনের আকাঙ্ক্ষা, বিয়েতে অনাগ্রহ এবং রক্ষণশীল সামাজিক কাঠামো অন্যতম। পূর্ব এশিয়ার দেশগুলোতে বিয়ের বাইরে সন্তান জন্ম দেওয়ার প্রবণতাও খুব কম। ফলে তরুণদের বিয়ের হার কমায় জন্মহার আরো নিচে নেমেছে।

১৯৮০-এর দশকে চীন এক সন্তান নীতি চালু করে। পরে ২০১৬ সালে দুই সন্তান এবং ২০২১ সালে সন্তান জন্মদানে উৎসাহ দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। মাতৃত্বকালীন ছুটি, শিশু পরিচর্যাকেন্দ্র ও আর্থিক প্রণোদনা চালু করেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

মিনজনারের মতে, সমস্যার বড় অংশ হলো রাজনৈতিক নেতৃত্বের বাস্তবতা অনুধাবনে ব্যর্থতা। তরুণদের কর্মসংস্থান, আবাসন ব্যয় ও নারীদের সামাজিক অবস্থানের মতো বিষয়গুলো সমাধানের বদলে সরকার অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদ ও রক্ষণশীল পারিবারিক মূল্যবোধকে উৎসাহিত করছে।

তিনি আরো বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান অভিবাসী শ্রমিক এনে বয়স্ক মানুষের পরিচর্যা ও শ্রমিকসংকট মোকাবেলার চেষ্টা করছে। কিন্তু চীনে বিদেশি অভিবাসী গ্রহণের ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক বাধা রয়েছে। পাশাপাশি শহর ও গ্রামের মানুষের পেনশন ও স্বাস্থ্যসেবায় ব্যাপক বৈষম্য রয়েছে।

মিনজনারের আশঙ্কা, জনসংখ্যা সংকট ও রাজনৈতিক স্থবিরতা একসঙ্গে চীনের সামাজিক অসন্তোষ বাড়াতে পারে। এর প্রভাব পড়তে পারে দেশটির বৈদেশিক নীতি ও কমিউনিস্ট পার্টির ক্ষমতার স্থায়িত্বেও। তিনি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছেন, অভিবাসনবিরোধী ও আত্মকেন্দ্রিক নীতি গ্রহণ করলে একই ধরনের জনসংখ্যাগত সংকট দেশটির জন্যও আরো জটিল হয়ে উঠতে পারে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন