ঢাকা অর্থনীতি ডেস্ক:
জাপানের রাজধানী টোকিও ও এর আশপাশের এলাকায় শুক্রবার (২৬ জুন) দুপুরে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, এবং ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রিফেকচার এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। জাপানের সাত স্তরের তীব্রতা স্কেলে সর্বোচ্চ ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি, পাশাপাশি সুনামির কোনো আশঙ্কা নেই বলেও নিশ্চিত করেছে তারা।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, উপকেন্দ্র ছিল যকশিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।
ভূমিকম্পের পর টোকিও এবং আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি










কমেন্ট করুন