ঢাকা অর্থনীতি ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড গ্রহণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজ বাসভবনে আকস্মিকভাবে হৃদ্রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের জানাজার নামাজ শুরু হওয়ার আগে সেখানে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
কবির হোসেনের জানাজার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে। এতে অংশগ্রহণ করেন— উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহসভাপতি মির ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, স্থানীয় কৃষি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ। জানাজা শেষে তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে তাঁকে দাফন করা হয়।
দাফন শেষে উপস্থিত সবাই মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া প্রার্থনা করেন।










কমেন্ট করুন