ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠানে ‘জাতীয় পে স্কেল-২০২৬’ কার্যকরের চূড়ান্ত প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত বুধবার (৭ অক্টোবর) প্রশাসনিক শাখা থেকে জারি করা এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত নির্দেশনামূলক চিঠিটি দেশের প্রধান ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ব্যাংকগুলোর তালিকায় রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড ও বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির প্রধানদের কাছেও গেজেটের কপি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ সেপ্টেম্বর অর্থ বিভাগ জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করে। ওই গেজেটের আলোকে এখন সংশ্লিষ্ট ব্যাংকিং ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে নতুন বেতন স্কেল বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সংযুক্ত গেজেট অনুযায়ী দ্রুত পরবর্তী প্রশাসনিক ও আর্থিক পদক্ষেপ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সমমানের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নতুন স্কেলে বেতন-ভাতা প্রাপ্তির প্রক্রিয়া চূড়ান্ত ধাপে পৌঁছাল।










কমেন্ট করুন