ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আদায় করা ফি সংশ্লিষ্ট দূতাবাস, বিদেশি কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। নতুন নির্দেশনায় ভিসা ও কনস্যুলার ফি বিদেশে প্রেরণের ক্ষেত্রে কয়েকটি বাধ্যতামূলক শর্ত নির্ধারণ করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে ভিসা ফি আদায় করতে হবে। পাশাপাশি দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে হবে। বিদেশে অর্থ পাঠানোর আগে প্রযোজ্য কর ও অন্যান্য আর্থিক দায় যথাযথভাবে পরিশোধ বা কর্তন করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এই ব্যবস্থার ফলে ভিসা ফি পরিশোধ ও বিদেশে অর্থ পাঠানোর কার্যক্রম আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে জবাবদিহিতা ও নিয়ন্ত্রণও বৃদ্ধি পাবে।










কমেন্ট করুন