ঢাকা অর্থনীতি ডেস্ক:
উজানে টানা বৃষ্টিপাতের প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। সোমবার রাত ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এর আগে শনিবারও নদীর পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সোমবার বিকেল পর্যন্ত পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর দ্রুত বাড়তে শুরু করে। সন্ধ্যা ৬টার মধ্যে পানি ২২ সেন্টিমিটার বৃদ্ধি পায় এবং রাত ৯টার মধ্যে আরও সাত সেন্টিমিটার বাড়ে। ফলে মাত্র ছয় ঘণ্টায় তিস্তার পানি মোট ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
এদিকে ভারতের উজান অঞ্চলের দোমোহনী পয়েন্টে পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও মেখলিগঞ্জ পয়েন্টে তা বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ডালিয়া পয়েন্টে কমলা সংকেত জারি করেছে পানি উন্নয়ন বোর্ড এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পানি বৃদ্ধির ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমিতে আবারও পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বাড়লে ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে নদীর পানি প্রবেশ করে ইতোমধ্যে অনেক ফসলি জমির ক্ষতি করেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বাড়তে পারে। তাই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।










কমেন্ট করুন