Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপে নতুন ইতিহাস

ঢাকা অর্থনীতি ডেস্ক:

লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই ইতিহাস গড়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মেসি। তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজকে ফাউল করার ঘটনায় ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে অষ্টম মিনিটে নেওয়া মেসির শট পোস্টের বাইরে চলে যায়।

এরপর একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ৩৩ মিনিটে মেসির নেওয়া নিশ্চিত শট অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা গোললাইন থেকে ফিরিয়ে দেন।

অবশেষে ৩৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। নিজেই আক্রমণ গড়ে তুলে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের ১৭তম গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছাড়িয়ে যান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে লিওনেল স্কালোনির দল। একাধিক সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারছিল না তারা। নিকোলাস গঞ্জালেস ও এনজো ফের্নান্দেসের প্রচেষ্টা ব্যর্থ হলে ম্যাচের শেষ দিকে চাপ আরও বাড়ায় আর্জেন্টিনা।

ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে আসে দ্বিতীয় গোল। জুলিয়ান আলভারেসের শট প্রতিহত হলেও ফিরতি বলে মেসি সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান। এতে নিজের গোলসংখ্যা ১৮-তে নিয়ে গিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপে এখন পর্যন্ত ২৮ ম্যাচে মেসির গোলসংখ্যা ১৮। এই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন মিরোস্লাভ ক্লোসাকে।

এই জয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে আরেকটি ঐতিহাসিক অধ্যায় যোগ করলেন লিওনেল মেসি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন