Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

কুয়ালালামপুরে অভিযানে আটক ১১৮ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক।

শুক্রবার মধ্যরাতের পর পুডু মার্কেট সংলগ্ন একটি ভবনে পরিচালিত এ অভিযানে মোট ৩২০ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়। পরে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮৬ জনকে আটক করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ২৮ জন, মিয়ানমারের ২৬ জন, ভিয়েতনামের পাঁচজন, নেপালের চারজন, ভারতের দুইজন, চীনের দুইজন এবং পাকিস্তানের একজন নাগরিককে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশের বিরুদ্ধে নির্ধারিত সময়ের বেশি অবস্থান, বৈধ ভ্রমণ নথি না থাকা এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া দেশে বসবাসের অভিযোগ রয়েছে।

রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, কুয়ালালামপুর সিটি হল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ১৩৭ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন