Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

নতুন ঠিকানায় গেল ভাইরাল ‘ট্রাম্প’ মহিষ

ঢাকা অর্থনীতি ডেস্ক:

জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত বিরল অ্যালবিনো প্রজাতির সাদা মহিষটি এবার স্থানান্তর করা হয়েছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রাম্প’ মহিষ নামে পরিচিত প্রাণীটি নতুন ঠিকানায় যাওয়ার পর আবারও আলোচনায় এসেছে।

সোমবার (২২ জুন) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারের বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

গত ঈদুল আজহার আগে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা এই বিরল সাদা মহিষটি ব্যাপক আলোচনায় আসে। মাথার সামনের অংশের বিশেষ ধরনের চুলের গঠনের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।

নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহিষটি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। কোরবানির জন্য প্রস্তুত করা হলেও পরে প্রাণীটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার।

এরপর গত ২৭ মে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখানে প্রদর্শনের পর এটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মহিষটিকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন