Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা আসবে বৈদেশিক প্রকল্প ঋণ হিসেবে।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত ৫টি প্রকল্পের মধ্যে ৩টি সম্পূর্ণ নতুন এবং বাকি ২টি চলমান প্রকল্পের সংশোধিত রূপ।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চট্টগ্রামের ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত তিনটি প্রকল্প হলো ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসনের প্রথম পর্যায়, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর তীব্র ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা সংক্রান্ত প্রথম সংশোধিত প্রকল্প। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন সংক্রান্ত তৃতীয় সংশোধিত প্রকল্পটিও এই সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন