ঢাকা অর্থনীতি ডেস্ক:
ফিফা বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে থাকা ইরান জাতীয় ফুটবল দলের অনুশীলন মাঠের কাছেই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মেক্সিকোর তিজুয়ানায় একটি পরিত্যক্ত গাড়ির ট্রাঙ্ক থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার একটি সুপারমার্কেটের পার্কিং লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানটি ক্যালিয়েন্তে স্টেডিয়ামের ঠিক বিপরীতে, যেখানে ইরান দল বিশ্বকাপের প্রস্তুতি অনুশীলন চালিয়ে যাচ্ছে।
সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা গেছে, ক্যালিফোর্নিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি ধূসর টয়োটা এসইউভির ট্রাঙ্কে কালো ব্যাগে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছানো ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করে লাশ উদ্ধার করেন।
তিজুয়ানা প্রসিকিউটর অফিস জানায়, প্রথমে একটি পুলিশ টহল দল পরিত্যক্ত গাড়িটি শনাক্ত করে। তল্লাশির সময় ভেতরে সহিংসতার চিহ্নসহ মরদেহটি পাওয়া যায়। স্থানীয় এক নিরাপত্তাকর্মী জানান, গাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ধারণা করা হচ্ছে, উচ্চ তাপমাত্রার কারণে মরদেহটি কয়েকদিন ধরে গাড়ির ভেতরে পড়েছিল।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঘটনাটির সঙ্গে ইরান জাতীয় দল বা বিশ্বকাপ প্রস্তুতির কোনো সম্পর্ক রয়েছে, এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।
ইরান দলের কড়া নিরাপত্তাবেষ্টিত অনুশীলন ভেন্যুর কাছেই ঘটনাটি ঘটায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ফরেনসিক দল লাশ সরিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইরান দলের বহর স্টেডিয়াম ছেড়ে চলে যায়।
উল্লেখ্য, রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রে অনুশীলন শিবির না করে ইরান দল বর্তমানে মেক্সিকোর তিজুয়ানায় বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: এএফপি










কমেন্ট করুন