Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

তালিয়াফিকোর চোটে রক্ষণ নিয়ে ধন্দে স্কালোনি, আলজেরিয়া ম্যাচে অনিশ্চিত আর্জেন্টিনার একাদশ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই বড় ধাক্কা সামলাতে হচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে দলের নিয়মিত লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো ছিটকে যাওয়ায় প্রথম একাদশ নতুনভাবে সাজাতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে।

রক্ষণভাগই এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। তালিয়াফিকোর সরাসরি বিকল্প না থাকায় ফাকুন্দো মেদিনা অথবা লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে ভাবছে কোচিং স্টাফ। দুজনই মূলত বাঁ-পায়ের সেন্টারব্যাক হলেও প্রয়োজনে লেফটব্যাক হিসেবেও মাঠে নামতে পারেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্তটি নির্ভর করছে সেন্টারব্যাক জুটির ওপর। হাঁটুর চোট কাটিয়ে ফেরা ক্রিস্টিয়ান রোমেরো প্রথম একাদশে থাকছেন প্রায় নিশ্চিতভাবেই। কিন্তু তার সঙ্গী হিসেবে নিকোলাস ওটামেন্ডি নাকি লিসান্দ্রো মার্টিনেজ খেলবেন, সেটাই এখন বড় প্রশ্ন। ওটামেন্ডিকে বেছে নিলে মার্টিনেজ লেফটব্যাকে যাবেন। আর মার্টিনেজ যদি রোমেরোর পাশে সেন্টারব্যাকে খেলেন, তাহলে তালিয়াফিকোর শূন্যস্থান পূরণ করবেন মেদিনা।

আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর এ নিয়ে মুখ খুলেছেন স্কালোনি। তিনি বলেন, “কোচ হিসেবে আমার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। অনেক খেলোয়াড়ই খেলার যোগ্য, কিন্তু মাঠে নামতে পারে মাত্র ১১ জন।”

আক্রমণভাগেও সমান অনিশ্চয়তা। মূল স্ট্রাইকার পজিশনের জন্য লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। দুজনের পারফরম্যান্স কাছাকাছি হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন কোচ। এ বিষয়ে স্কালোনি বলেন, “লাউতারো নাকি হুলিয়ান, এই সিদ্ধান্তও একই রকম কঠিন। আমরা এখনো নিশ্চিত নই কে খেলবে।”

বিশ্বকাপের আগে আরও চারটি অনুশীলন সেশন হাতে রয়েছে আর্জেন্টিনার। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত একাদশে বদলের সম্ভাবনা থাকছেই।

আলজেরিয়া ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি/লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা/লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন