ঢাকা অর্থনীতি ডেস্ক:
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.)-এর মাজারে দাফন করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে তার বিদায়ী অনুষ্ঠান, জানাজা ও দাফনের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ৪ ও ৫ জুলাই (মুহাররম মাসের ১৯ ও ২০ তারিখ) মরহুম নেতার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই পবিত্র শহর কোমে জানাজা ও শোকযাত্রার কর্মসূচি রয়েছে। সবশেষ ৯ জুলাই মাশহাদে চূড়ান্ত জানাজা সম্পন্ন করে ইমাম রেজা (আ.)-এর মাজারে সমাহিত করা হবে আলি খামেনিকে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশ-বিদেশের মানুষ, ইসলামি অনুসারী এবং ইরান বিষয়ে আগ্রহীদের এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। শোকানুষ্ঠান আয়োজনে প্রধান ভূমিকা জনগণের হাতেই থাকবে বলেও জানানো হয়েছে। এতে জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ প্রত্যাশা করছে দেশটি। তবে অনুষ্ঠানের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। সে সময় দুই রাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে রক্তক্ষয়ী আগ্রাসী যুদ্ধ শুরু করে। ওই যুদ্ধে তার পরিবারের সদস্য এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারসহ বহু ইরানি নাগরিক প্রাণ হারান।
কয়েকদিন পর ইরানের ৮৮ জন ধর্মগুরুর সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। মোজতবা খামেনি আয়াতুল্লাহ আলি খামেনির পুত্র।
সূত্র: প্রেস টিভি










কমেন্ট করুন