Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ক্লান্ত অবস্থায় স্টিয়ারিং ধরবেন না, চালকদের সতর্ক করলেন এডিসি রুবেল হক

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক। ক্লান্ত ও ঘুমঘুম অবস্থায় স্টিয়ারিং ধরলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় বলে তিনি সতর্ক করেন।

শনিবার (১৩ জুন) রাজধানীর উত্তরা এলাকায় ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে এসব কথা বলেন তিনি।

এডিসি রুবেল হক বলেন, একজন চালকের দায়িত্ব শুধু গাড়ি চালানোতেই সীমাবদ্ধ নয়, বরং যাত্রী ও পথচারীর নিরাপত্তা নিশ্চিত করাও তার নৈতিক দায়িত্ব। তাই দীর্ঘ সময় টানা ড্রাইভিং ও পর্যাপ্ত বিশ্রাম ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

সড়ক দুর্ঘটনার কারণ উল্লেখ করে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মানার কোনো বিকল্প নেই। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, মোবাইল ফোন ব্যবহার এবং ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ।

অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরেন এবং চালকদের স্বাস্থ্য ও নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন