ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশের মোট ২০টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় দেশের এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এই মৌসুমি বায়ু আরও অগ্রসর হয়ে সারা দেশে পুরোপুরি বিস্তার লাভ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে বর্ষার আগমন ঘটলেও দেশের বেশ কিছু অঞ্চলে এখনো তীব্র ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে— রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তৃতি লাভ করতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।










কমেন্ট করুন