ঢাকা অর্থনীতি ডেস্ক:
ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান গমচাষীদের পাওনা দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের মৌলিক ও কৌশলগত পণ্যের ধারাবাহিক এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক নির্দেশনায় রাষ্ট্রপতি বলেন, যেসব ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ উৎপাদন জাতীয় চাহিদা পূরণে সক্ষম, সেখানে আমদানিনির্ভরতা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে।
রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, দেশের মৌলিক পণ্যের সরবরাহ পরিস্থিতি, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা, লজিস্টিক সহায়তা এবং পণ্য পরিবহন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সম্প্রতি একটি সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ছাড়াও স্বরাষ্ট্র, সড়ক ও নগর উন্নয়ন, কৃষি, অর্থ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরা এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে মৌলিক পণ্যের সরবরাহ, বিতরণ ও পরিবহনের সর্বশেষ অবস্থা, গৃহীত পদক্ষেপ এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। পাশাপাশি কৌশলগত মজুত, বৈদেশিক মুদ্রা সরবরাহ, পরিবহন ব্যবস্থা এবং লজিস্টিক সহায়তার বর্তমান পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।
প্রতিবেদনগুলো পর্যালোচনার পর রাষ্ট্রপতি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় অব্যাহত রাখা, নির্ধারিত কর্মসূচির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন। পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারি সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি।
রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, দেশের ১১টি মৌলিক ও কৌশলগত পণ্যের নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নীতিনির্ধারণ ও নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দিতে হবে এবং এ খাতকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। যেসব ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎপাদন জাতীয় চাহিদা পূরণ করতে সক্ষম, সেখানে আমদানির ওপর নির্ভরতা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, দেশের কৃষি খাত ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় গমচাষীদের পাওনা অর্থ দ্রুত পরিশোধ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
সভায় বিভিন্ন নির্বাহী সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা, পণ্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থা সহজতর করা এবং পরিবহন ও লজিস্টিক নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা ও মতবিনিময় করা হয়।
সূত্র: ইরনা










কমেন্ট করুন