Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

মধ্যবিত্তের ফ্ল্যাট কেনা সহজ করতে নতুন উদ্যোগ, আবাসন ঋণে আসছে স্বস্তি

ঢাকা অর্থনীতি ডেস্ক:

মধ্যবিত্ত মানুষের জন্য নিজস্ব ফ্ল্যাট কেনার সুযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

অন্যদিকে আবাসন খাতের উদ্যোক্তারা সিঙ্গেল ডিজিট সুদে (১০ শতাংশের নিচে) দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু এবং একটি বিশেষ হাউজিং তহবিল গঠনের দাবি জানিয়েছেন।

রোববার (৭ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আবাসন খাতের বর্তমান অবস্থা, বিদ্যমান সংকট, বিনিয়োগ পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রিহ্যাব নেতারা বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য সহজ শর্তে স্বল্পসুদের গৃহঋণের ব্যবস্থা করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী এ খাতেও নতুন গতি সঞ্চার হবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, স্বল্পসুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু করা গেলে একদিকে আবাসন খাত উপকৃত হবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিক হওয়া সহজ হবে।

এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলা প্রয়োজন। এজন্য সারা দেশে স্বল্পসুদের হাউজিং ঋণের সুবিধা সম্প্রসারণ করতে হবে।

জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, শিল্পায়ন ও কর্মসংস্থানে আবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ব্যাংকিং খাতে হাউজিং ঋণ অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় অন্যান্য অনেক খাতের তুলনায় এর সুদের হার অপেক্ষাকৃত কম থাকে। বর্তমানে অনেক ক্ষেত্রে আবাসন ঋণের সুদের হার অন্যান্য ঋণের তুলনায় প্রায় ২ শতাংশ পর্যন্ত কম রয়েছে বলেও তিনি জানান।

গভর্নর আরও জানান, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি তহবিলের সরবরাহ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ গ্রহণ আরও সহজ হবে।

বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন