Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শিক্ষা ক্যাডারের চাকরি ছাড়লেন ৯ কর্মকর্তা, যোগ দিলেন অন্য ক্যাডারে

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বিভিন্ন বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া ৯ কর্মকর্তা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তারা প্রশাসন, নিরীক্ষা ও হিসাব এবং পুলিশ ক্যাডারে যোগদান করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তার আবেদনের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত কারণের পরিপ্রেক্ষিতে নির্ধারিত তারিখ থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নাড়িয়া সরকারি কলেজের প্রভাষক উল্লাস পাল, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সায়মা শারমিন, নড়াইল সরকারি মহিলা কলেজের প্রভাষক শেখ মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) উপপরিচালক মো. ওয়াজকুরনী, নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ টিপু সুলতান, নোয়াখালী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. ছালাউদ্দিন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক মো. মাজহারুল ইসলাম, পাংশা সরকারি কলেজের প্রভাষক রিফা সোনিয়া এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল মাওয়া মৌসুমী শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন।

উল্লেখ্য, এসব কর্মকর্তা পরবর্তীতে প্রশাসন, নিরীক্ষা ও হিসাব এবং পুলিশ ক্যাডারের বিভিন্ন পদে যোগদান করেছেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন