Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

গোয়ার ফাইনালে ভারতের কাছে হার, হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর মেগা ফাইনালে আজ শনিবার (০৬ জুন) গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের কাছে ৩-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই পরাজয়ে টানা তৃতীয়বার সাফ শিরোপা জেতার ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলো লাল-সবুজের মেয়েদের। টানা দুই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য গোয়ার মাঠ এবার বিষণ্নতার স্মৃতি হয়েই থাকলো।

প্রথমার্ধে ১-১ সমতায় দারুণ লড়াই জমিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণাত্মক ফুটবলের মুখে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয় তাদের।

কোচ পিটার বাটলারের নতুন কৌশলে ফাইনালে শুরু থেকেই ভারতকে চাপে রেখেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের নিষ্প্রভ পারফরম্যান্সের বিপরীতে আজ সম্পূর্ণ ভিন্ন এক লড়াকু দলকে দেখা গেছে মাঠে। তবে ১২ ও ১৪ মিনিটে তহুরার দারুণ দুটি সুযোগ নষ্ট হওয়া এবং ৪১ মিনিটে বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যাওয়া ম্যাচের গতিপথ বদলে দেয়। এই মুহূর্তগুলো কাজে লাগাতে পারলে চালকের আসনে থাকতো বাংলাদেশই।

৪২ মিনিটে খেলার ধারার বিপরীতে ভারতের পেয়ারি সাসার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরার নিখুঁত পাসে ঋতুপর্ণা চাকমার গোলে সমতা ফেরানো হয়। ১-১ সমতায় বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের ফুটবলারদের চোখেমুখে ছিল শিরোপা জয়ের দৃঢ় প্রতিজ্ঞা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দ হারায় বাংলাদেশ। পুনরায় শুরুর মাত্র এক মিনিটের মাথায় সানফিদার হেডে বল জালে পাঠিয়ে ভারত আবার এগিয়ে যায়। ৫১ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের হেড ক্রসবার উঁচিয়ে বাইরে চলে যায়। এরপর ভারতের রক্ষণের দৃঢ়তা ও গোলরক্ষকের বীরত্বে আরও কয়েকবার গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ৮১ মিনিটে রক্ষণভাগের ভুলে লিন্ডাকমের গোলটি কার্যত হ্যাটট্রিক শিরোপার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। শেষ দিকে সাগরিকার প্রাণান্তকর চেষ্টাও ব্যবধান কমাতে পারেনি।

চূড়ান্ত বাঁশির সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা, চোখেমুখে বিষণ্নতার ছাপ। অন্যদিকে ষষ্ঠবারের মতো সাফ শিরোপা ঘরে তুলে আনন্দে মেতে ওঠেন ভারতের স্বাগতিক সমর্থকরা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন