Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

পুশইন রুখতে সীমান্তে বিজিবির পাশে আনসার-ভিডিপি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা আরও মজবুত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে একযোগে মাঠে নেমেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই যৌথ টহল ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (৫ জুন) থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে অস্থায়ীভাবে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন শুরু হয়। সীমান্তের চোরাপথ ও অভ্যন্তরীণ রাস্তাঘাট সম্পর্কে স্থানীয়দের অভিজ্ঞতাকে কাজে লাগানোই এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য।

রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রথম ধাপে স্থানীয় এলাকা সম্পর্কে গভীর ধারণাসম্পন্ন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে সরাসরি বিজিবির সীমান্ত চৌকিতে (বিওপি) সংযুক্ত করা হয়েছে। তারা ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর এবং গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে বিজিবির সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিত করতে ভিন্ন কৌশল অনুসরণ করা হচ্ছে। সেখানকার ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডাররা স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জরুরি যোগাযোগের নম্বর বিনিময় করেছেন। ফলে সীমান্তে যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে আসামাত্র কিংবা বিজিবির যেকোনো প্রয়োজনে আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন।

প্রতিবেশী দেশ থেকে পুশইনের আশঙ্কায় গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতি মোকাবেলায় বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপির এই যৌথ অবস্থান সীমান্ত সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন