ঢাকা অর্থনীতি ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরে আসার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। হাকান ফিদান প্রধানমন্ত্রীর কাছে প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। এ লক্ষ্যে দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনে একমত হয়েছে। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার উদ্দেশ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে একটি পরামর্শ কাঠামো বা কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন ও সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস










কমেন্ট করুন