ঢাকা অর্থনীতি ডেস্ক:
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমিত হওয়া এবং তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে। মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে।
আজ শনিবার (০৬ জুন) অয়েলপ্রাইস ডট কমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে স্থির হয়েছে, যা শতাংশের হিসাবে ২ দশমিক ০৪ ভাগ হ্রাস। একই সময়ে মুরবান অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮২ ডলার কমে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৬৮ ডলারে, যা ৩ দশমিক ০২ শতাংশ পতনের ইঙ্গিত দেয়।
অন্যান্য জ্বালানির ক্ষেত্রেও পতনের ছবি স্পষ্ট। ডব্লিউটিআই মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে নেমেছে। মার্স অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে নেমে এসেছে।
তবে ব্যতিক্রম ডিজেল। এই জ্বালানির দাম ০ দশমিক ২৫ বেড়েছে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
সূত্র: গালফ নিউজ










কমেন্ট করুন