ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশের জ্বালানি চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্য থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪৩২ টাকা। ১৫-১৬ জুন ২০২৬ সময়ের জন্য ২৩তম কার্গো, ২১-২২ জুনের জন্য ২৪তম কার্গো এবং ২৫-২৬ জুনের জন্য ২৫তম কার্গো আমদানি করা হবে। দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো কেনা হবে।
একই বৈঠকে সার কেনা-সংক্রান্ত দুটি প্রস্তাবও অনুমোদন পায়। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৫তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রতি টনের দাম ধরা হয়েছে ৬৮৮ দশমিক ৩৭৫ ডলার এবং মোট ব্যয় হবে ২৫৪ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৫৬২ টাকা। কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চুক্তির আওতায় ১২তম লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৮১ দশমিক ৬৭ ডলার এবং মোট ব্যয় হবে ৪৩৪ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১০০ টাকা।
এছাড়া গতকাল অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেনার প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় টিটাগং ড্রাই ডক লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত পরবর্তী ছয় মাস একই দরে ও শর্তে বর্তমান ঠিকাদারকে নিয়োগের ঘটনা-উত্তর অনুমোদন দেওয়া হয়।










কমেন্ট করুন