Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
বাংলাদেশি হজযাত্রী। ছবি : সংগৃহীত

১৯৯ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি হজযাত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক:

এ বছর পবিত্র হজ পালনে ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২২ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানান। তাদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন।

হজ বুলেটিনে জানানো হয়েছে, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয়েছে। এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বুলেটিনে আরও জানানো হয়, সৌদিতে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ছয়জন নারী। মৃতদের ১৪ জন মক্কায় এবং সাতজন মদিনায় ইন্তেকাল করেছেন। এ পর্যন্ত সৌদি মেডিকেল টিম ৪৩ হাজার ৪৪০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে সেবা নিয়েছেন ২০ হাজার ২৮৮ জন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনের কোটা রয়েছে। গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন