Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ইবোলা টিকা তৈরিতে অন্তত ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে ন্যূনতম ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার জেনেভায় ডব্লিউএইচও’র সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপদেষ্টা ড. ভাসি মূর্তি এ তথ্য জানান।

তিনি বলেন, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিরুদ্ধে দুটি সম্ভাব্য ‘ক্যান্ডিডেট ভ্যাকসিন’ তৈরির কাজ চলছে। তবে এখনো কোনোটিরই ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন হয়নি।

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডি আর) কঙ্গোতে ইবোলা প্রায় মহামারি আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে জানিয়েছেন, কঙ্গোতে এ পর্যন্ত ইবোলার উপসর্গে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৬০০ জনের মধ্যে ইবোলার উপসর্গ শনাক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে ড. ভাসি মূর্তি আরও জানান, কঙ্গোতে যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে তাদের মধ্যে ৫১ জন ইবোলাতে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি প্রতিবেশী উগান্ডায় ইবোলায় আক্রান্ত হয়েছেন ২ জন।

কঙ্গোতে ইবোলার এই ভয়াবহ প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত ১৭ মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে, এই প্রাদুর্ভাব এখনো বৈশ্বিক মহামারি পর্যায়ে পৌঁছায়নি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন