ঢাকা অর্থনীতি ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিশ্চিত হামে এবং বাকি তিনজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বুধবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য উপস্থাপন করা হয়েছে।
নিশ্চিত হামে মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং দুইজনের বরিশালে। এছাড়া হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর একজন ঢাকায়, একজন সিলেটে এবং একজন খুলনায় মৃত্যুবরণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৭০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১৩৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গে প্রাণ হারিয়েছে আরও ৪০১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৮ হাজার ৬৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৫৬ জনে। এদের মধ্যে ৪১ হাজার ১২০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।










কমেন্ট করুন