ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আলজেরিয়া। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ জিতে নেয় আফ্রিকার প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে ১২ বছর পর জয়ের স্বাদ পেল আলজেরিয়া।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় এই ম্যাচটি ছিল নকআউটের আশা বাঁচিয়ে রাখার লড়াই। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জর্ডান। ৩৬তম মিনিটে নিজার আল রুশদানের জোরালো শটে এগিয়ে যায় তারা। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে লিড নেয় জর্ডান। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
প্রথমার্ধে আলজেরিয়াও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে রিয়াদ মাহরেজ একক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।
বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়ায় আলজেরিয়া। ৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় নাদির বেনবুয়ালি মাহরেজের কর্নার থেকে হেড করে সমতাসূচক গোল করেন। জাতীয় দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় গোল।
সমতা ফেরানোর পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলজেরিয়া। ম্যাচের ৮২তম মিনিটে আমিন গোরি গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করে আলজেরিয়া।
এই জয়ের ফলে বিশ্বকাপে টিকে থাকার আশা জিইয়ে রাখল আলজেরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে আফ্রিকার দেশটির সামনে।










কমেন্ট করুন