ঢাকা অর্থনীতি ডেস্ক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু।
শনিবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭৪ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯৯। এ সময়ে নতুন করে ৬৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এদের মধ্যে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।









কমেন্ট করুন