Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

হরমুজ প্রণালি বন্ধ, চলাচলে ইরানের অনুমতি বাধ্যতামূলক: সাইয়্যারি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

হরমুজ প্রণালি বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, এ প্রণালি দিয়ে যেকোনো ধরনের চলাচল ইরানের সঙ্গে সমন্বয় করেই করতে হবে। তিনি আরও জানান, ওই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনী শতভাগ নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রেখেছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যদি এটি বন্ধ না থাকত, তাহলে এ পথে তেল পরিবহন হতো এবং যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বাড়ত না। বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট।’

ওই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনীর উপস্থিতির বিবরণ দিয়ে সাইয়্যারি বলেন, হরমুজ প্রণালির পশ্চিম অংশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। আর প্রণালির পূর্ব অংশ থেকে ওমান সাগরের উত্তরাঞ্চল পর্যন্ত শক্ত অবস্থান ধরে রেখেছে ইরানের নিয়মিত সেনাবাহিনী। এ অঞ্চলে তারা শতভাগ নিয়ন্ত্রণ ও নজরদারি চালাচ্ছে।

রিয়ার অ্যাডমিরাল সাইয়্যারি জোর দিয়ে বলেন, ‘যদি এ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করে, তাহলে তা অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয় ও অনুমতি নিয়ে করতে হবে। অন্যথায় কী ঘটে, তা আপনারা সংবাদমাধ্যমেই দেখতে পাবেন।’

ইরানের সেনাবাহিনীর এই কর্মকর্তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিই প্রমাণ করে যে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। প্রণালিটি খোলা থাকলে তেল পরিবহন স্বাভাবিক থাকত এবং সংশ্লিষ্ট দেশগুলোতে পেট্রলের দাম বাড়ত না।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন