Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে ঢোকেন। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁর মরদেহ দেখতে পাওয়া যায়।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। পরিবার নিয়ে তিনি রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সকালে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান মোশাররফ হোসেন। তিনি চোখে কম দেখতেন। ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডিসি আরও জানান, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে অনিচ্ছা প্রকাশ করায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন