Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, শিল্পাঞ্চলে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ অবস্থায় শিল্পাঞ্চলে অনাকাঙ্ক্ষিত অসন্তোষ ও বিশৃঙ্খলা রোধে সাভার এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হেমায়েতপুরে দায়িত্বরত বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।
জানা গেছে, বুধবার সকালে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কিছু কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকরা সংগঠিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, সাভার ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পোশাক কারখানার সামনে এবং ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি টহল জোরদার করা হয়েছে। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থান যৌথভাবে পরিদর্শন করেন পুলিশ ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন