Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
যে কোনো মূল্যে তৈরি পোশাক কারখানা খোলা রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন, বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে শিল্প খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক জরুরি বৈঠকে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গতকাল সকাল থেকেই ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। সরকারের পূর্বঘোষণা অনুযায়ী গতকাল দুপুরের আগেই ৬ সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে সরকারি উদ্যোগের পরও দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, হামলা ও ভাঙচুর অব্যাহত থাকে। একপর্যায়ে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকিতে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫২৯টি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পোশাকশিল্পে চলমান বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকরা আর কারখানা চালু রাখতে পারবেন না বলে চরম উদ্বেগ প্রকাশ করেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান: বৈঠক শেষে ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যাতে স্বাভাবিকভাবে সচল থাকে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দিয়েছেন।
সীমান্তের ওপারের ইন্ধনে অস্থিরতা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, পোশাক শিল্পে চলমান এই অসন্তোষের পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নিরীহ গার্মেন্টশ্রমিকদের ব্যবহার করে দেশের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সরকার এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে মোকাবিলা করবে। আমরা লক্ষ্য করেছি, অনেক মুখোশধারী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ঢুকে গিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করছে। আমাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গার্মেন্টশ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছেন, যাতে এখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায়।”
তিনি আরও স্পষ্ট করেন, এই সহিংস আন্দোলনের সাথে প্রকৃত কোনো শ্রমিক বা দায়িত্বশীল শ্রমিক সংগঠন জড়িত নয়। দুষ্কৃতকারীরা এই পরিস্থিতি তৈরি করছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতায় জড়িত ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে।
মালিকদের কারখানা চালুর আহ্বান: গার্মেন্টস মালিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান, দেশের স্বার্থে কারখানা ও উৎপাদন কার্যক্রম চালু রাখতে হবে। সাময়িকভাবে বন্ধ হওয়া কারখানাগুলো দ্রুত খুলে দিয়ে মালিক ও শ্রমিকদের আলোচনার মাধ্যমে উৎপাদন স্বাভাবিক রাখার কথা বলেন তিনি। একই সাথে মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায়সংগত মজুরি নির্ধারণ এবং তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন