Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ‘ভুলতে না পারার মতো শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রকে এমন একটি শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না। তাদের দাবি, এ ধরনের জবাব ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চিন্তা থেকেও অন্যদের নিরুৎসাহিত করবে।

সোমবার (২১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির উচ্চ কমান্ড জানায়, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেই-এর নির্দেশনা ও আদেশ অনুসরণ অব্যাহত রাখবে।

এই বিবৃতি এসেছে আয়াতুল্লাহ খামেনেইর সাম্প্রতিক এক বার্তার পর। ওই বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন আগ্রাসনের মুখে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

বার্তাটি প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের ইরানের দক্ষিণাঞ্চলে বিমান হামলার পর। আইআরজিসির দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের সঙ্গে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘন করেছে, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের সঙ্গে যৌথ আগ্রাসনের স্থায়ী অবসান ঘটানো।

বিবৃতিতে বলা হয়, “অপরাধী আমেরিকা আবারও ভুল, আগ্রাসন ও দুঃসাহসিকতার পথ বেছে নিয়েছে। তাই আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি যে, আপনাদের প্রতিশ্রুত সেই ‘ভুলতে না পারার মতো শিক্ষা’ আমরা তাদের দেব। এমন শিক্ষা, যা ভবিষ্যতে যে কোনো আগ্রাসীকে একই ধরনের অপরাধ পুনরাবৃত্তি করা থেকে বিরত রাখবে।”

আইআরজিসি আরও জানায়, ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতির ওপর তারা কখনোই আস্থা রাখবে না।

বিবৃতিতে বলা হয়, “আমরা অঙ্গীকার করছি যে, এ দেশের ভবিষ্যৎ কখনোই এমন এক শিশু-হত্যাকারী শত্রুর প্রতিশ্রুতির ওপর নির্ভর করবে না, যার অতীত বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং ইরানি জাতির প্রতি বিদ্বেষে পরিপূর্ণ।”

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরোধ, সতর্কতা এবং শক্তিমত্তার মাধ্যমেই ইরানের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। অতীতের অভিজ্ঞতা প্রমাণ করেছে, শত্রুর ওপর কোনোভাবেই বিশ্বাস করা যায় না।

নিজের বার্তায় আয়াতুল্লাহ খামেনেই বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা প্রমাণ করেছে যে, একজন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই।

তিনি আরও অঙ্গীকার করেন যে, ইরান এবং অঞ্চলে তাদের মিত্র প্রতিরোধশক্তি যুক্তরাষ্ট্রের এই নতুন আগ্রাসনের জবাবে তাকে “ভুলতে না পারার মতো শিক্ষা” দেবে।

সূত্র: প্রেস টিভি

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন