Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

মায়ের লাশ পেতে কান ধরে ওঠবস করতে হলো ছেলেকে, রংপুর মেডিক্যালে তোলপাড়

ছবি : সংগৃহীত

রংপুর সংবাদদাতা:

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ তুলে জরুরি বিভাগের কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ রাখা হয়। একইসঙ্গে মৃত রোগীর মরদেহ কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগও উঠেছে।

হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার নুরজাহান বেগমকে (৫৫) হাসপাতালে নিয়ে যান তার ছেলে রিফাত হোসেন। স্বজনদের দাবি, সময়মতো অক্সিজেন না দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার পরপরই মৃত্যু হয় এবং চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না।

মৃত্যুর পর দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে স্বজনদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন চিকিৎসকরা। এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা মৃতের ছেলেকে আইনের আওতায় আনার দাবি তুলে জরুরি বিভাগে কর্মবিরতি পালন করেন।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের চাপের মুখে মৃতের ছেলে রিফাতকে হাসপাতালে এনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এমনকি তাকে কান ধরে ওঠবস করানোর পর প্রায় ১১ ঘণ্টা পর নুরজাহান বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

রংপুর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেন, চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ক্ষমা প্রার্থনার পরই লাশ হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে স্বজনরা পুরো ঘটনাকে অমানবিক ও অপমানজনক বলে আখ্যা দিয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, সিসিটিভি ফুটেজে চিকিৎসকদের গাফিলতির কোনো প্রমাণ মেলেনি। একইসঙ্গে মৃতের ছেলেকে কান ধরে ওঠবস করানোর ঘটনাকেও নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন