Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

জাপানে কর্মসংস্থানের দ্বার উন্মোচনে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশি তরুণদের জন্য জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বিস্তৃত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)। আজ শনিবার (১৩ জুন) রাজধানীর রেনেসাঁস ঢাকা গুলশান হোটেলে ‘বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক গোলটেবিল আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, “প্রতিবছর ১০ থেকে ১৩ লাখ লোক বিদেশে যায়, যাদের ৮০ শতাংশের গন্তব্য মিডল ইস্ট। এই একমুখী নির্ভরতা আমাদের জন্য একটি বড় ঝুঁকি। যেকোনো একটি দেশের নীতি পরিবর্তন হলেই লাখ লাখ পরিবারের জীবন-জীবিকা হুমকিতে পড়ে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধাও বেশিদিন থাকবে না। জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশ এখন দক্ষ জনশক্তির জন্য হাতছানি দিচ্ছে। সুতরাং, এখনই প্রস্তুতি না নিলে এই সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে।”

ডায়াস্পোরা কমিউনিটিকে যুক্ত করার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মী প্রেরণে সফলতা পেতে হলে সংশ্লিষ্ট দেশে বসবাসরত ডায়াস্পোরা কমিউনিটিকে সরকারের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, বাংলাদেশের ৪ কোটি ৬০ লাখ তরুণ এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া প্রায় ৬ লাখ ৪৭ হাজার গ্র্যাজুয়েট দেশের সবচেয়ে বড় সম্পদ। জাপানে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দিয়ে তিনি বিজেকেসিকে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভাষা দক্ষতা, প্রশিক্ষণ ও সনদায়নের মান উন্নয়ন অপরিহার্য। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বিজেকেসির নির্বাহী পরিচালক কানিজ ফাতিমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসডিএ-এর চেয়ারম্যান ড. নাজনীন, ড. মুনিয়া আমিন এবং বিডিজবস-এর সিইও ফাহিম মাশরুর। আরভিং এডুকেশন ও প্রবাসী সেবা লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিজেকেসি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন