Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ, তীরে মানুষের ঢল

ঢাকা অর্থনীতি ডেস্ক:
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনকে ঘিরে শুক্রবার বুড়িগঙ্গার দু’পাড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নদীজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত হওয়া এই বাইচে দেশের নানা প্রান্ত থেকে আসা ছয়টি দল অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী এই লড়াই উপভোগ করতে দুপুর থেকেই নদীর দুই কূলে ভিড় জমায় বিপুলসংখ্যক মানুষ। এমনকি শত শত নৌকা ও ট্রলারে স্বপরিবারে চড়ে নাগরিকরা বুড়িগঙ্গায় অবস্থান নেওয়ায় পুরো এলাকা ইতিহাস, ঐতিহ্য ও উৎসবের মিলনমেলায় রূপ নেয়।
নৌকা বাইচের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী ভাষণে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার আশপাশের নদ-নদীকে দখল ও দূষণ মুক্ত করে নৌপথ অবাধ, সচল ও সুরক্ষিত রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সাথে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
তিনি আবহমান বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এমন উদ্যোগের জন্য ডিএসসিসিকে ধন্যবাদ জানান। সেই সাথে নদীর পাড়ে সৌন্দর্য বাড়িয়ে সাধারণ নগরবাসীর হাঁটাচলা ও বিনোদনের জন্য উপযোগী পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
প্রতিযোগিতা শেষ হওয়ার পর সোয়ারীঘাট এলাকায় নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এর ওপর পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, ঢাকার ইতিহাস ও নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে নৌকা বাইচ এক চমৎকার আয়োজন। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি। আদি ঢাকার ঐতিহাসিক সংস্কৃতি বজায় রাখতে আগামীতেও এরকম অনুষ্ঠান সচল রাখা হবে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মন্তব্য করেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করা সম্ভব হলেই শহরের প্রতি নাগরিকদের প্রকৃত ভালোবাসা জেগে উঠবে। আর সেই ভালোবাসার টান থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে।
তিনি জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উদযাপনের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‌্যালি, নাট্য উৎসব ও চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার ইতিহাসকে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের রাস্তা নির্মাণ এবং নদীর পাড় বাঁধাই করে নান্দনিক হাঁটার পথ তৈরির মতো বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।
একই সাথে ডিএসসিসি প্রশাসক নগরবাসীকে পরিচ্ছন্নতা মেনে চলা ও প্রচুর গাছ লাগানোর তাগিদ দেন।
বাইচে প্রথম স্থান ও সেরা পুরস্কার জয় করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। প্রতিযোগিতায় দ্বিতীয় হয় সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।
সমাপনী অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সরকারি নানা সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন