Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ছিলেন আসল শাকিরা? সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর নতুন এক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উপস্থিত হলেও তার পারফরম্যান্স ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, মঞ্চে দেখা যাওয়া ব্যক্তি সত্যিই শাকিরা ছিলেন কি না।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা–র এক প্রতিবেদনে বলা হয়েছে, পারফরম্যান্স চলাকালীন সময় থেকেই অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। বিশেষ করে ‘দাই দাই’ গান পরিবেশনের সময় তার উপস্থিতি কিছু দর্শকের কাছে অস্বাভাবিক মনে হওয়ায় গুঞ্জনের সূত্রপাত ঘটে। পরে কেউ কেউ দাবি করেন, মঞ্চে থাকা ব্যক্তি হয়তো আসল শাকিরা নন।

ওই পরিবেশনায় নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেন শাকিরা। বহুল প্রতীক্ষিত এই যৌথ পারফরম্যান্স দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও অনুষ্ঠানজুড়ে এক ধরনের রহস্যময় আবহ ছিল বলে মন্তব্য করেছেন অনেকে।

বিতর্কের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে পারফরম্যান্সের বেশিরভাগ সময় শাকিরার কালো সানগ্লাস পরে থাকা। পাশাপাশি কিছু দর্শকের মতে, তার শারীরিক ভঙ্গি ও নাচের ধরনে আগের তুলনায় কিছুটা ভিন্নতা দেখা গেছে। এমনকি মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেওয়ার সময়ও তিনি নাচ থামাননি, যা নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে এসব মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং মিম ও কৌতুকের জন্ম দেয়। একপর্যায়ে কেউ কেউ দাবি করতে থাকেন, মঞ্চে থাকা ব্যক্তি আসলে শাকিরার কোনো ‘ডাবল’ বা প্রতিরূপ হতে পারেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিরা বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিতর্ক আরও উসকে দিয়েছে ‘শাকিবেক্কা’ নামে পরিচিত এক ভেনেজুয়েলান অনুকরণশিল্পীর প্রসঙ্গ। শাকিরার সঙ্গে তার চেহারা ও উপস্থিতির বিস্ময়কর মিল থাকার কারণে অতীতেও অনেকেই তাকে ভুল করে আসল শাকিরা বলে মনে করেছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন