Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

ঢাকা অর্থনীতি ডেস্ক:

জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিচার নিশ্চিত করা না হলে বিএনপি সরকার কোনোভাবেই ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “নতুন সরকার গঠনের পর গত চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কোনো নতুন রায় দেখা যায়নি। কোনো নতুন তদন্ত প্রতিবেদনও এখন পর্যন্ত দাখিল হয়নি। এটি স্পষ্ট যে, যাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।”

সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “সংস্কার বাস্তবায়ন না করার কারণে বিএনপি আজ জনতার কাঠগড়ায় দাঁড়িয়েছে। বিচার নিশ্চিত করতে না পারায় আইনমন্ত্রী স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন “যোগ্য ও দায়িত্ববান” ব্যক্তি নিয়োগের দাবি জানিয়ে তিনি বলেন, এমন একজনকে দায়িত্ব দিতে হবে, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সব ব্যবস্থা নিশ্চিত করবেন।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ বলেন, “গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিদায় নিয়েছে। আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আহমদ আলী কাসেমী এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন