ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট উৎপাদন, বিনিয়োগ এবং ব্যবসাবান্ধব হওয়ায় এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তার মতে, অতীতে এ ধরনের বাজেট খুব কমই দেখা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও চিন্তাধারাকে সামনে রেখে অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে এ বাজেট প্রণয়ন করেছেন।
তিনি বলেন, সরকারের আন্তরিকতার প্রতিফলন এই বাজেটে স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরিয়ে আনাই সরকারের মূল উদ্দেশ্য।
বিএনপি মহাসচিব আরও বলেন, তিনি এ বাজেটকে একটি ‘সৃজনশীল বাজেট’ হিসেবে বিবেচনা করছেন। তার ভাষায়, এতে এমন কিছু নতুন উদ্যোগ ও পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রচলিত চিন্তার বাইরে এবং অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
তিনি আশা প্রকাশ করেন, বাজেটে ঘোষিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বিনিয়োগ, উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত হবে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলেও তিনি মন্তব্য করেন।










কমেন্ট করুন