ঢাকা অর্থনীতি ডেস্ক:
খুলনার লবনচরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কর্মী রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার নগরীর লবনচরা মাথাভাঙ্গা ১০ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক গাজী কাজীপাড়ার রতন কাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একটি দোকানে বসে ছিলেন রফিক গাজী। এ সময় মোটরসাইকেলে এসে হেলমেট পরা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত রফিক বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।










কমেন্ট করুন