Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

পদ্মায় প্রবল স্রোত, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সতর্কতার নির্দেশনা বিআইডব্লিউটিএর

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম-পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিনের স্বাক্ষরে জারি হওয়া এক বিশেষ জরুরি নৌ-বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়ে গেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল।

প্রবল এই স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় দুটি নির্দেশনা জারি করেছে বিআইডব্লিউটিএ।

প্রথম নির্দেশনা অনুযায়ী, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়, যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেগুলোকে এই নৌপথ এড়িয়ে চলাচল করতে হবে।

নৌপথে চলাচলকারী সব নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে নিরাপদে নৌযান পরিচালনার অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ-শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে এই বিশেষ জরুরি নৌ-বিজ্ঞপ্তির অনুলিপি।

সূত্র: বাসস

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন