Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন পটুয়াখালীর জেলেরা

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখার লক্ষ্যে আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশ শিকারে নামছেন পটুয়াখালীর জেলেরা। এই উপলক্ষকে কেন্দ্র করে জেলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে ট্রলার ও জাল প্রস্তুত করার কাজে শেষ মুহূর্তের ব্যস্ততা পার করছেন সংশ্লিষ্টরা।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘ বিরতির পর আবারও কাঙ্ক্ষিত ইলিশ আহরণের আশায় বুক বাঁধছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা। ইতিমধ্যে অনেকেই ট্রলার মেরামত, জাল সেলাই এবং মাছ ধরার প্রয়োজনীয় রসদ সংগ্রহের কাজ সম্পন্ন করেছেন। মনের মতো ইলিশ পাওয়ার আশায় তারা এখন গভীর সাগরে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় সর্বমোট ৪৮৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান চলাকালে ১২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৬৭টি মামলা দায়ের, ৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “জেলেরা গভীর সাগরে নির্বিঘ্নে মাছ ধরতে পারলে এবার বিপুল পরিমাণ ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও জানান, মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি বাড়াতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন