Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

ঢাকা অর্থনীতি ডেস্ক:

নির্বাচিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়ে দ্বিধায় থাকা মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর যথাযথ কর্তৃপক্ষ।

আইন মন্ত্রণালয়ের মতে, নতুন রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত স্পিকার শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায়, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

মতামতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, সে হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৪ জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন