Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

নতুন বেতনকাঠামোয় বেতন প্রাপ্তি আজ থেকে, জটিলতায় আটকে আছেন বহু সরকারি চাকরিজীবী

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
তিন মাসের বকেয়াসহ আজ রোববার থেকে নতুন বেতনকাঠামোয় বর্ধিত বেতন পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের। এ জন্য অর্থ বিভাগ থেকে সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হলেও, নতুন কাঠামোতে বেতন নির্ধারণের কাজ যথাসময়ে শেষ না হওয়ায় বহু কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে এই বর্ধিত বেতন পাচ্ছেন না। ফলে আপাতত তাঁদের পুরোনো কাঠামোতেই বেতন নিতে হবে এবং পরবর্তীতে বর্ধিত বেতন ও বকেয়া একসঙ্গে সমন্বয় করা হবে বলে জানা গেছে।
অর্থ বিভাগের নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের একটি বড় অংশের বেতন নির্ধারণের কাজ এখনো পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি। গ্রেডের ক্রম বিন্যাস, উচ্চতর গ্রেডপ্রাপ্তি, বাড়িভাড়া ভাতার হিসাব এবং পদোন্নতিজনিত আর্থিক সুবিধার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসংগতি ও জটিলতা দেখা দিয়েছে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি বা ‘আইবাস++’ (iBAS++) সফটওয়্যারের নানা জটিলতা।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ইতিমধ্যে এসব সমস্যা সমাধানে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের নিকট লিখিত আবেদন জানিয়েছেন। তবে এখনো এসব ত্রুটির সঠিক সুরাহা না হওয়ায় অনেককেই বাধ্য হয়ে পুরোনো স্কেলে বেতন তুলতে হচ্ছে। অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সাথে জড়িতদের প্রয়োজনীয় জানাশোনা বা অভিজ্ঞতার ঘাটতির ফলেই এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে সমস্যাগুলো নিরসনে অভিজ্ঞদের নিয়ে জোরেশোরে কাজ চলছে।
নতুন এই বেতনকাঠামো বাস্তবায়নের শুরুতেই গ্রেড বিন্যাস, ভাতা এবং সফটওয়্যার জটিলতা দেখা দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মনে একধরনের অনিশ্চয়তা দানা বেঁধেছে। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, পরবর্তী সময়ে বকেয়া ভাতাসহ সমস্ত বেতন সঠিকভাবে সমন্বয় করা হবে।

 

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন