ঢাকা অর্থনীতি ডেস্ক:
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিসংখ্যান বলছে, রাউন্ড অব ৩২-এ সেলেসাওদের সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জিই-তে প্রকাশিত অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমির এক বিশ্লেষণ অনুযায়ী, ব্রাজিলের বিপক্ষে নেদারল্যান্ডসের পড়ার সম্ভাবনা ৩৪ দশমিক ৭ শতাংশ। সম্ভাবনার তালিকায় এরপর রয়েছে জাপান (২৮ দশমিক ৪ শতাংশ), সুইডেন (১৯ শতাংশ), জার্মানি (৯ দশমিক ৮ শতাংশ) এবং মেক্সিকো (৮ দশমিক ১ শতাংশ)।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ হলে সেটি হবে বিশ্বকাপ ইতিহাসে দুই দলের ষষ্ঠ মুখোমুখি লড়াই। অতীত পরিসংখ্যান ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। পাঁচবারের দেখায় ডাচদের বিপক্ষেই বেশি ভুগতে হয়েছে সেলেসাওদের।
১৯৭৪ বিশ্বকাপে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। পরে ১৯৯৪ সালের কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলের জয় দিয়ে সেই হার শোধ করে তারা। ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকলেও টাইব্রেকারে জয় পেয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল।
তবে সাম্প্রতিক দুই বিশ্বকাপের স্মৃতি সুখকর নয়। ২০১০ সালের কোয়ার্টার ফাইনালে ২-১ এবং ২০১৪ সালের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-০ গোলে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়েছিল ব্রাজিল।
কোচ কার্লো আনচেলত্তির দল ইতোমধ্যে গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে। এখন তাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে পারলে আরও সুবিধাজনক অবস্থানে থেকে নকআউট পর্বে পা রাখবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান কিংবা অন্য যে দলই হোক না কেন, বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। আর ডাচদের মুখোমুখি হলে অতীতের হিসাব বদলাতে ব্রাজিলকে খেলতে হবে নিজেদের সেরাটা।
সূত্র: ইয়াহু স্পোর্টস










কমেন্ট করুন