Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

দক্ষিণ লেবাননে সংঘর্ষ অব্যাহত, ইসরাইলের ৩ ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষে তাদের যোদ্ধারা ইসরাইলের তিনটি ট্যাংক ধ্বংস করেছে বলে শুক্রবার দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এখনও চলছে।

এর কয়েক ঘণ্টা আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইসরাইলি হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে তিনজন নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের একদিন পরও লেবাননে সংঘর্ষ অব্যাহত রয়েছে, যদিও সেই চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছিল।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেগুলো পুড়ে ধ্বংস হয়ে গেছে। সংগঠনটি জানায়, সাঁজোয়া ও পদাতিক ইউনিট নিয়ে গঠিত ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ের উত্তর দিক দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওই এলাকায় এখনও সংঘর্ষ চলছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ।

মার্কিন-ইসরাইল অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালালে গত মার্চে লেবাননও মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর লেবাননজুড়ে ব্যাপক হামলা এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করে তেল আবিব। দেশটির দক্ষিণাঞ্চল ইসরাইলের সীমান্তবর্তী এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন-ইরান চুক্তি সত্ত্বেও এই সংঘাত অব্যাহত রয়েছে।

হিজবুল্লাহ বৃহস্পতিবার জানায়, তারা নাবাতিয়ার নিকটবর্তী আরনুন শহর থেকে কাফার তিবনিতের উপকণ্ঠের দিকে অগ্রসর হতে চাওয়া ইসরাইলি সেনাবাহিনীর একটি দলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, কাফার তিবনিত এলাকায় শত্রুপক্ষের ড্রোন একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে দুজন নিহত হন। পার্শ্ববর্তী জেবদিন গ্রামে ড্রোন হামলায় আরও একজন প্রাণ হারান।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে আগের রাতের এক ঘটনায় তাদের একজন সৈন্য নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, লেবাননে শান্তিরক্ষীরাও বৃহস্পতিবার গোলাগুলির খবর জানিয়েছেন।

সূত্র: বাসস

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন