Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ট্রাইব্যুনালে বিচারপতির হুঁশিয়ারি: ‘হেঁটে আসব, নয়তো ঠেলাগাড়িতে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি বিকল হয়ে পড়েন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, ‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। উপর মহলে জানিয়ে দেন।’

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ শুরু হলে শুরুতেই এই মন্তব্য করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

সকালে এজলাস শুরুর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা আদালতকক্ষে উপস্থিত ছিলেন। এরপর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য — বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর — নিজ নিজ আসনে বসেন।

আসন গ্রহণের পরপরই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন — আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িতে চড়ে ট্রাইব্যুনালে পৌঁছাতে হয়েছে। এজলাসকক্ষের অবস্থাও সন্তোষজনক নয় বলে জানান তিনি। একপর্যায়ে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। উপর মহলে জানিয়ে দেন।’

জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তিনি বিষয়টি দেখবেন এবং যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।

উল্লেখ্য, ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষের এসি গতকাল রোববারও বিকল হয়ে পড়েছিল। দীর্ঘ সময় এসি ছাড়াই বিচারকাজ চলে এবং গরমে উপস্থিত অনেকেই ঘেমে ওঠেন। পরে এসি মেরামত করা হলেও আজ সোমবার বিচারকাজ চলাকালে পুনরায় একই সমস্যা দেখা দেয়।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন