ঢাকা অর্থনীতি ডেস্ক:
রাজধানীর শাহবাগ থানা এলাকায় জুলাই আন্দোলন চলাকালে জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে গত ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামি আমিরুল আলম মিলনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামির সরাসরি সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে, যার ফলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো আবশ্যক। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান চলাকালে শাহবাগের চানখারপুল এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। ওই দিন দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা আক্তার বাদী হয়ে একই বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মোট ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দায়ের করা এই মামলায় আমিরুল আলম মিলন ৬২ নম্বর এজাহারনামীয় আসামি।
ডিবি পুলিশ গত বছরের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল।










কমেন্ট করুন